শেষ বলে ছক্কা মেরে দলকে জয় এনে দিলেন সিকান্দার রাজা
জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ২ রান। কোনোভাবে ১ রান হলে আবার খেলতে হতো সুপার ওভার। ১০-১৫ গজের ভেতরে ফিল্ডার বাড়ানোয় বড় ঝুঁকি নিয়ে ছক্কা হাঁকিয়েই সফল হলেন সিকান্দার রাজা। জিম্বাবুইয়ান অলরাউন্ডারের ব্যাটে দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে পার্ল রয়্যালস।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বোল্যান্ড পার্ক মাঠে অনুষ্ঠিত ম্যাচে এসএ টোয়েন্টির সর্বোচ্চ রানতাড়ায় সফল হওয়ার রেকর্ডও হয়েছে। যেখানে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক এইডেন মার্করামের ফিফটিতে ৫ উইকেটে ১৮৬ রান তোলে ডারবান সুপার জায়ান্টস। পরবর্তীতে ড্যান লরেন্স ও রুবিন হারম্যানের হাফসেঞ্চুরিতে ৬ উইকেটের বড় জয় নিশ্চিত করে পার্ল রয়্যালস।
এই জয়ে টেবিলের শীর্ষে থাকা প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১–এ নামিয়ে আনল পার্ল রয়্যালস। যদিও ক্যাপিটালস এক ম্যাচ বেশি খেলেছে। পার্ল ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই এবং ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে প্রিটোরিয়া ক্যাপিটালস শীর্ষে আছে। পয়েন্ট টেবিলে ডারবানের অবস্থান সুখকর নয়। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৬ দলের মধ্যে তাদের অবস্থান পঞ্চম।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ডারবানের ইনিংসে ৪৬ বলে ২ চার ও ৩ ছক্কায় ৬৬ রান করেন মার্করাম। হেইনরিখ ক্লাসেন ১৮ বলে ২৯ ও লিয়াম লিভিংস্টোন ১০ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলেন। এ ছাড়া ডেভিড বেডিংহ্যাম ২৬ বলে ২৫ ও সুনীল নারিনের ব্যাট থেকে আসে ১১ বলে ২২ রান। ২টি করে উইকেট শিকার করেছেন এমকোবানি মোকোয়েনা ও মুজিব-উর রহমান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় পার্ল। তবে ১০৬ রানের জুটিতে সেই বিপর্যয় ভালোভাবে সামলেছেন লরেন্স ও হারম্যান। লরেন্স ৪১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৬৩ এবং হারম্যান ৪৫ বলে ৩টি করে চার-ছক্কায় ৬৫ রান করেছেন। অধিনায়ক ডেভিড মিলার ২ রানে আউট হওয়ায় শেষদিকে ফের কিছুটা চাপ তৈরি হয়। তবে হারম্যান অপরাজিত থেকে জয় নিশ্চিত করেছেন, তাকে যোগ্য দেন রাজা।
১৯তম ওভারে পার্ল ১৩ রান তোলার পর শেষ ওভারে আর ৬ রান প্রয়োজন ছিল। তৃতীয় ও চতুর্থ বল ডট দেওয়ার পর ২ বলে তাদের দরকার পড়ে ৩ রান। এরপর আসে ১ রান। ডেভিড ভিসার শেষ ডেলিভারিতে লম্বা ছয় হাঁকিয়ে সিকান্দার রাজা উল্লাসে মাতেন। ১৩ বলে ২টি করে চার-ছক্কায় ২৭ রান করেন জিম্বাবুইয়ান তারকা। ডারবানের পক্ষে দুটি উইকেট নেন ইথান বশ।
#ক্রিকেট #টি২০ #টুর্নামেন্ট
#দক্ষিণ #আফ্রিকান #ফ্র্যাঞ্চাইজি #লিগ
#Cricket #south #africa #franchisee
#league #team #t20 #tournament
#sports #sportsnews #JONODESH

