দিল্লিতে আ.লীগের সংবাদ সম্মেলন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য
ভারতের দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সংবাদ সম্মেলন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশে জনসমর্থন না থাকায় বিদেশে বসে বক্তব্য ও সংবাদ সম্মেলনের আশ্রয় নিচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মহিলা কারারক্ষীদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য ঘিরে দেশে কোনো অস্থিরতা সৃষ্টি হবে না এবং নির্বাচন ভণ্ডুল হওয়ারও কোনো আশঙ্কা নেই।
তিনি আরও জানান, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাদের দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে তিনি স্বীকার করেন, দেশের কারাগারগুলোতে জায়গার সংকট রয়েছে এবং শিগগিরই নতুন কারাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন কারারক্ষীদের কুচকাওয়াজ, শারীরিক কসরত ও আত্মরক্ষামূলক কৌশল পরিদর্শন করেন। এ সময় কারা বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
#স্বরাষ্ট্র_উপদেষ্টা #নির্বাচন #আওয়ামীলীগ
#BangladeshElection #HomeAdvisor #PoliticalUpdate

