নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী ‘সিনেমা আঙ্গিনা’ আয়োজন করেছে। এ উদ্যোগ বাংলাদেশের মাধ্যমে প্রথমবার এশিয়ায় পদার্পণ করছে।
আইওএম জানিয়েছে, ১৩ অক্টোবর থেকে ১৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর জেলায় এই প্রদর্শনী চলবে। অনুষ্ঠানে চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য পরিবেশনা, সংগীতানুষ্ঠান, কর্মশালা এবং সম্প্রদায় ভিত্তিক আলোচনার মাধ্যমে ১৩টি পৌরসভা এবং প্রায় ৪৮০টি গ্রামে পৌঁছানো হবে। জেলাভিত্তিক টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হবে।
আইওএম বাংলাদেশের মিশন প্রধান ল্যান্স বোনো বলেন, “যখন অভিবাসন নিরাপদ ও মর্যাদা পূর্ণভাবে হয়, তখন তা দেশের উন্নয়নের জন্য শক্তিশালী চালিকাশক্তি হিসেবে কাজ করে। ‘সিনেমা আঙ্গিনা’ জনগণের কাছে সরাসরি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিচ্ছে এবং মানুষকে সচেতন সিদ্ধান্ত নিতে উৎসাহিত করছে।”
আইওএমর ভূমধ্যসাগরীয় সমন্বয় অফিসের পরিচালক সালভাতোরে সর্তিনো বলেন, “বাংলাদেশে ‘সিনেমা আঙ্গিনা’ প্রচারণা এক নতুন সূচনা। এটি ইতিবাচক বার্তা প্রচার, গঠনমূলক আলোচনা এবং অভিবাসন বিষয়ে পারস্পরিক শেখার এক অনন্য সুযোগ তৈরি করবে।”
উদ্যোগটি তরুণ প্রজন্ম ও স্থানীয় জনগণকে অনিরাপদ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতন করবে এবং দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও নিরাপদ অভিবাসনের সুযোগ নিয়ে আলোচনা উদ্বুদ্ধ করবে।

