গণভোট প্রচারে ব্যাংকের সিএসআর তহবিল ব্যবহারের পরামর্শ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা বাড়াতে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল ব্যবহারের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের উদ্দেশে তিনি এ পরামর্শ দেন।
গভর্নর বলেন, গণভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠান জনসচেতনতামূলক কার্যক্রম নিলে ব্যাংকগুলো তাদের সিএসআর ফান্ড থেকে সহায়তা দিতে পারে। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে নগদ অর্থের অপব্যবহার ঠেকাতে ব্যাংকগুলোর সতর্কতা বাড়ানোর নির্দেশ দেন তিনি।
বৈঠকে জানানো হয়, ভোট সামনে রেখে বিএফআইইউ নগদ লেনদেন তদারকি জোরদার করেছে। এখন থেকে ১০ লাখ টাকার বেশি লেনদেনের তথ্য মাসিক নয়, সাপ্তাহিকভাবে জমা দিতে হবে। গভর্নর আরও জানান, খেলাপি ঋণ কমে ৩০ শতাংশে নেমেছে এবং আগামী মার্চে তা ২৫ শতাংশে নামানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
#গণভোট #বাংলাদেশ_ব্যাংক #সিএসআর
#Referendum #BangladeshBank #CSRFund

