বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে পশ্চিমবঙ্গকে নির্দেশ
ভারত–বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। জাতীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে আগামী ৩১ মার্চের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যে জমিগুলোর জন্য কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে অর্থ পরিশোধ করেছে, সেগুলো নিয়ে আর কোনো ধরনের গড়িমসি গ্রহণযোগ্য নয়।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ–ভারত সীমান্তের বড় একটি অংশ অরক্ষিত থাকায় সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের অভিযোগ ছিল, প্রয়োজনীয় অর্থ ছাড়ের পরও পশ্চিমবঙ্গ সরকার জমি হস্তান্তরে বিলম্ব করছে, যার ফলে কাঁটাতার নির্মাণকাজ ব্যাহত হচ্ছে। এই প্রেক্ষাপটে মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
শুনানিতে আদালত বলেন, আন্তর্জাতিক সীমান্তের মতো স্পর্শকাতর এলাকায় শুধু ‘সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’-এর অজুহাতে জমি অধিগ্রহণ ঝুলিয়ে রাখা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রায় ১৮০ কিলোমিটার সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র ইতোমধ্যে অর্থ দিয়েছে। যেসব এলাকায় এখনো মন্ত্রিসভার অনুমোদন মেলেনি, সেসব জায়গায় জরুরি ভিত্তিতে অধিগ্রহণ সম্ভব কি না—সে বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে আলাদা হলফনামা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২ এপ্রিল।
#বাংলাদেশ_ভারত_সীমান্ত #কাঁটাতার #কলকাতা_হাইকোর্ট
#BangladeshIndiaBorder #BarbedWireFence #CalcuttaHighCourt

