টানা চতুর্থ ম্যাচে তৃতীয় শতকের স্বপ্ন পূরণ হয়নি বিরাট কোহলির

খেলাধুলা

টানা চতুর্থ ম্যাচে তৃতীয় শতকের স্বপ্ন পূরণ হয়নি বিরাট কোহলির

ভাদোদরায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের হয়ে টানা চতুর্থ ম্যাচে তৃতীয় শতকের স্বপ্ন পূরণ হয়নি বিরাট কোহলির। তবে তার ৯৩ রানের দুর্দান্ত ইনিংসই শেষ পর্যন্ত ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মা দ্রুত ফিরে যাওয়ার পর কোহলির ইনিংসেই ম্যাচে ফেরে ভারত। শেষ পর্যন্ত এক ওভার হাতে রেখেই চার উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।
কোহলি এদিন শুরু থেকেই ছিলেন ব্যাপক রকম আক্রমণাত্মক। যদিও ক্যারিয়ারে সপ্তমবারের মতো ওয়ানডেতে নব্বইয়ের ঘরে আউট হতে হয় তাকে। তবু ম্যাচসেরা হয়েছেন তিনিই। এই নিয়ে ৪৫তমবারের মতো ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার জেতেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার।
পুরস্কারের সংখ্যা এতটাই বেড়েছে যে, নিজেও আর ঠিকমতো হিসাব রাখতে পারেন না কোহলি। তবে সেগুলো সংরক্ষণের জায়গা ঠিকই করে রেখেছেন তিনি। ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কোহলি জানান, গত ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পাওয়া সব পুরস্কারই তিনি পাঠিয়ে দেন গুরগাঁওয়ে মায়ের বাড়িতে।
ম্যান অব দ্য ম্যাচ ট্রফির সংগ্রহ নিয়ে প্রশ্ন করা হলে কোহলি বলেন, ‘সত্যি বলতে আমার কোনো ধারণাই নেই। সব পুরস্কার আমি গুরগাঁওয়ে আমার মায়ের কাছে পাঠিয়ে দিই, তিনি এগুলো খুব যত্ন করে রাখেন। নিজের পুরো ক্যারিয়ারের দিকে তাকালে মনে হয়, এটা আমার জন্য একেবারেই স্বপ্নের মতো। আমি সবসময় নিজের সামর্থ্যে বিশ্বাস করেছি, আজ যেখানে আছি তার জন্য অনেক পরিশ্রম করেছি। ঈশ্বর আমাকে অঢেল আশীর্বাদ করেছেন, আমার মনে গভীর কৃতজ্ঞতা আছে এবং আমি গর্বিত।’
৫০ ওভারের ক্রিকেটে আবারও নিজের সেরা সময় ফিরে পাচ্ছেন কোহলি। গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। এরপর থেকে টানা সাতটি ইনিংসে ফিফটির বেশি রান করেছেন কোহলি, যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি। এর মাধ্যমে ভারতের লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ৫০+ স্কোরের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি।
ভাদোদরার এই ম্যাচে আরও দুটি বড় মাইলফলক স্পর্শ করেন কোহলি। মাত্র ৬২৪তম ইনিংসেই ২৮ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করে দ্রুততম ব্যাটার হিসেবে তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে

#ক্রিকেট #ভারত #ম্যাচ #কোহলি
#সিরিজ #জয় #রেকর্ড #রান
#cricket #India #match #kohli
#series #win #record #run
#sports #sportsnews #JONODESH

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *