বিসিবির প্রস্তাবের বিপক্ষে কঠোর অবস্থানে আইসিসি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নেয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে এখনই সাড়া দিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) আইসিসি ও বিসিবি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে নিরাপত্তা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হলেও বর্তমানে কঠোর অবস্থানে আছে আইসিসিও
আইসিসি বৈঠক সূত্রে জানা গেছে, ভারতে বাংলাদেশ দলের ওপর কোনো সুনির্দিষ্ট বা কার্যকর নিরাপত্তা হুমকি রয়েছে—এমন কোনো তথ্য আপাতত আইসিসির হাতে নেই। বিসিবি তাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের সুরক্ষার প্রশ্নে ভারত থেকে ম্যাচ সরিয়ে নেয়ার দাবি তুললেও আইসিসি জানিয়েছে, তাদের নিরাপত্তা পর্যবেক্ষক দলের মূল্যায়নে ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি। তবে বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায় সেক্ষেত্রে পয়েন্ট হারাতে হবে বলে জানিয়েছে আইসিসির একটি সূত্র ।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি এক জরুরি সভায় আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। চিঠিতে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে কোনো বিকল্প ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানিয়ে বলা হয়,‘খেলোয়াড়, টিম অফিশিয়াল ও বোর্ড সদস্যদের নিরাপত্তা এবং একটি নিরাপদ পরিবেশে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করার স্বার্থে এই স্থানান্তর প্রয়োজন।’
মঙ্গলবারের বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। আইসিসি আপাতত তাদের বর্তমান সূচিতে অটল থাকার ইঙ্গিত দিয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যালোচনা চলছে এবং আগামী ১০ জানুয়ারির মধ্যে আইসিসি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের তিনটিই হওয়ার কথা কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইতে নেপালের মুখোমুখি হবে।
#ক্রিকেট #আইসিসি #বিসিবি
#বিসিসিআই #বাংলাদেশ #ভারত
#cricket #ICC #bcci
#BCB #Bangladesh #India
#sports #sportsnews #JONODESH

