সীমান্ত ইস্যুতে কৌশলের তাগিদ

আন্তর্জাতিক দেশের খবর

সীমান্ত ইস্যুতে কৌশলের তাগিদ

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী ও দায়িত্বশীল হতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে সীমান্ত দিয়ে কোনো অপরাধী/সন্ত্রাসী যেন বাংলাদেশ থেকে পালাতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। সীমান্ত নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা চলবে না। দেশের স্বার্থ রক্ষায় বিজিবিকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিজিবি বর্তমানে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সীমান্ত সুরক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাহিনীর উন্নয়নে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি বাড়াতে হবে এবং কোনোভাবেই মাদক প্রবেশ করতে দেওয়া যাবে না।

তিনি বিজিবি সদস্যদের উদ্দেশে বলেন, ডিসিপ্লিন, ট্রেনিং ও ওয়েলফেয়ার—এই তিনটি বিষয়ের মধ্যে কোনো আপস করা যাবে না। প্রশিক্ষণ ও শৃঙ্খলার পাশাপাশি অধীনস্থ সদস্যদের কল্যাণের বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে উৎসবমুখর ও গ্রহণযোগ্য করতে বিজিবির বড় দায়িত্ব রয়েছে। সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

#সীমান্তনিরাপত্তা #বিজিবি #স্বরাষ্ট্রউপদেষ্টা #বাংলাদেশ
#BorderSecurity #BGB #BangladeshNews #NationalSecurity #ElectionDuty

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *