হাত নেড়ে শুভেচ্ছা তারেক রহমানের, জনস্রোতে বাস

রাজনীতি

হাত নেড়ে শুভেচ্ছা তারেক রহমানের, জনস্রোতে বাস

দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বনির্ধারিত বাসে করে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

বাসটি জস্রোত ঠেলে ধীরে এগোচ্ছে। তাকে একনজর দেখতে সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক সমর্থক ও নেতাকর্মী। এ সময় তারেক রহমান হাসিমুখে বাসের ভেতর থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন উপস্থিত জনতাকে।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্ত্রী ও কন্যাসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান।

ইমিগ্রেশন কার্যক্রম শেষে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রওনা হন।

এরপর বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এসে জুতা খুলে শিশির ভেজা ঘাসে পা রাখেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটি হাতে তুলে নেন। পরে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে গণসংবর্ধনাস্থলের উদ্দেশে যাত্রা করেন তিনি।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। কুড়িল মোড়সংলগ্ন এলাকায় বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত ৪৮ ফুট বাই ৩৬ ফুটের মঞ্চে চলছে আয়োজনের শেষ প্রস্তুতি।

#তারেকরহমান #দেশেফেরা #গণসংবর্ধনা #বাংলাদেশরাজনীতি #বিএনপি #ঢাকানিউজ #পূর্বাচল
#TariqueRahman #Homecoming #BNP #BangladeshPolitics #DhakaNews #PublicReception #Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *