‘ইত্যাদি’ এবার চুয়াডাঙ্গায়

দেশের খবর
‘ইত্যাদি’ এবার চুয়াডাঙ্গায়
জনপ্রিয় বিনোদন ও তথ্যভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার চুয়াডাঙ্গার ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদে ধারণ করা হয়েছে। নির্মাতা হানিফ সংকেত অনুষ্ঠানটিতে ইতিহাস, সংস্কৃতি, শিল্প ও জনজীবনের নানা রঙিন অধ্যায় তুলে ধরেছেন।
শুটিং হয়েছে চুয়াডাঙ্গার নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে, যা ব্রিটিশ আমলে নির্মিত শতাধিক বছরের প্রাচীন ‘হাজারদুয়ারি’ নামে পরিচিত। অনুষ্ঠানে স্থানীয় কৃষ্টি ও ইতিহাসের সঙ্গে পরিচয় করাতে গান ও নৃত্য পরিবেশন করা হয়েছে। শাহ আলম সনির কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। নৃত্য পরিচালনা করেছেন এসকে জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা।
চুয়াডাঙ্গার লোকসংগীতশিল্পী বিউটি এবং ‘ইত্যাদি’র আবিষ্কার জনপ্রিয় শিল্পী পান্থ কানাই পরিবেশন করেছেন দুটি বিশেষ গান। গানের কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান।
শুটিং উপলক্ষ্যে চুয়াডাঙ্গাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। অনুষ্ঠানস্থলকে কেন্দ্র করে বসেছিল জমজমাট মেলা, যেখানে স্থানীয় দোকানিরা পণ্যের পসরা সাজিয়ে বসেন। দর্শকরা দিনভর অনুষ্ঠানস্থলে ভিড় করেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অতিথিদের আমন্ত্রণ জানানো হয়।
‘ইত্যাদি’তে উপস্থিত ছিলেন জনপ্রিয় শিল্পীরা—সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আশরাফুল আলম সোহাগ, সুর্বণা মজুমদার, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদ, জাহিদ চৌধুরী, সাবরিনা নিসা, নজরুল ইসলামসহ আরও অনেকে। শুটিং শেষে দর্শকরা অনুষ্ঠানটির ধারাবাহিকতা নিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
পর্বটি প্রচার করা হবে ২৬ ডিসেম্বর রাত ৮টায়, বাংলা সংবাদের পর বিটিভিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *