ট্রাভেল পাশ পেলেন তারেক রহমান

রাজনীতি
ট্রাভেল পাশ পেলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য ট্রাভেল পাশ পেয়েছেন। লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে একদিনেই ট্রাভেল পাশ সংগ্রহ করেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার আবেদন করার পর সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। যুক্তরাজ্য বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বলেন, সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং তারেক রহমান ইতোমধ্যে ট্রাভেল পাশ হাতে পেয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার দেশে ফেরা নিয়ে নানা আলোচনা চলছিল। গত ১২ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, আগামী ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরবেন। এরই মধ্যে তার আগমন উপলক্ষে অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে সরাসরি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যাবেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলায় প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ২০০৭-০৮ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রে/ফ/তা/র হয়েছিলেন। মুক্তির পর তিনি পরিবারসহ লন্ডনে যান এবং দীর্ঘদিন সেখানেই অবস্থান করেন। ২০১৮ সালে খালেদা জিয়ার সা/জা ঘোষণার দিন তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
দীর্ঘ সাত বছর লন্ডন থেকে দল পরিচালনার পর সব আইনি জটিলতা কেটে যাওয়ায় তার দেশে ফেরার পথ সুগম হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *