যৌথ সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ ৮ দল
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন ইস্যুতে যৌথ সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ।
তিনি জানান, ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট আয়োজন এবং ফেব্রুয়ারিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ঘোষিত আ/ন্দোলন বিষয়ে যুগপৎ আন্দো/লনের শরীক সমমনা আটটি দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আটটি দলের মধ্যে রয়েছে— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টি।
দলগুলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে।
এর আগেও, পাঁচ দফা দাবিতে এই সমমনা আট দল যুগপৎ ও অভিন্ন কর্মসূচি পালন করেছে।

