মুস্তাফিজের বিবর্ণ দিনে জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস
শনিবার (১৩ ডিসেম্বর) আইএল টি-টোয়েন্টির ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৯ রানে জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রানের পুঁজি গড়ে দুবাই। রান তাড়ায় ৮ উইকেটে ১৮৭ রানের বেশি করতে পারেনি নাইট রাইডার্স।
বোলিংয়ের শুরুটা খারাপ করেননি মুস্তাফিজুর রহমান। পাওয়ার প্লেতে দুই ওভার বোলিং করে প্রতিপক্ষের ব্যাটারদের আটকে রেখেছিলেন তিনি। তবে এই বাঁহাতি পেসার শেষ দিকে দুই হাতে রান বিলিয়ে দিয়েছেন। টাইগার কাটার মাস্টারের বিবর্ণ দিনেও অবশ্য জয় পেয়েছে তার দল দুবাই ক্যাপিটালস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারে মাত্র ৭ রান দেন মুস্তাফিজ। পরের ওভারে দেন ৮ রান। প্রথম দুই ওভারে ১৫ রান দেয়া ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসার পরের দুই ওভারে ৩২ রান দিয়ে চার ওভারে ৪৭ রানের বিনিময়ে মাত্র একটি উইকেট পান।
ফিজের খরুচে বোলিংয়ের দিনে ব্যাট হাতে ক্যাপিটালসের জয়ের ভিত গড়ে দেন শায়ান জাহাঙ্গির। ১০ চার ও ৫ ছক্কায় ৫৪ বলে ৯৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন যুক্তরাষ্ট্রের এই উইকেটকিপার ব্যাটসম্যান। ২৪ বলে ৩৮ রানের ক্যামিও আসে রোভম্যান পাওয়েলের ব্যাট থেকে।
রান তাড়ায় ১১১ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নাইট রাইডার্সের শেষ পাঁচ ওভারে ছিল ৮৪ রান। অবিশ্বাস্য এক জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারেননি আন্দ্রে রাসেল। ৪টি করে চার ও ছক্কায় ৩৩ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান তারকা। ওপেনার ফিল সল্টের ব্যাট থেকে আসে ২৯ বলে ৩৩ রান।
সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে হারের পর, টানা দুটি জিতল দুবাই।

