দেশে ফিরলেন ভারত-বাংলাদেশের ৮৫ জেলে
নিজ নিজ দেশে ফিরেছেন ভারত ও বাংলাদেশের আটকা পড়া ৮৫ জেলে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় দুই দেশের কোস্টগার্ডের মাধ্যমে এসব জেলেকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবাসন করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে আটক ৩২ জন বাংলাদেশি জেলেকে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে। একই সময়ে বাংলাদেশে আটক ৪৭ জন ভারতীয় জেলেকেও তাদের দেশের কোস্টগার্ডের কাছে ফেরত দেওয়া হয়েছে।
এছাড়া শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আরও ছয়জন বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় কোস্টগার্ড একটি বাংলাদেশি মালিকানাধীন মাছ ধরার ট্রলার ফিরিয়ে দিয়েছে। আর বাংলাদেশ কোস্টগার্ড তিনটি ভারতীয় মাছ ধরার নৌযান তাদের দেশে হস্তান্তর করেছে।
এই প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করেছে।

