ফেরদৌসের পর সিনেমা থেকে বাদ পড়লেন পপি

বিনোদন
ফেরদৌসের পর সিনেমা থেকে বাদ পড়লেন পপি
তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফের দীর্ঘদিনের স্বপ্নের প্রকল্প ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ আবারও নতুন করে আলোচনায় এসেছে। ২০১৮ সালে ছবিটির শুটিং শুরু হলেও মাত্র দু’দিনের কাজের পরই স্থবির হয়ে পড়ে নির্মাণ কার্যক্রম। কারণ হিসেবে উঠে আসে— অভিনেতা ফেরদৌসের রাজনৈতিক ব্যস্ততা এবং নায়িকা পপির আড়ালে চলে যাওয়া।
দীর্ঘ সাত বছর ধরে অপেক্ষায় থাকা পরিচালক অবশেষে মাস দুয়েক আগে জানান, ছবিটি থেকে ফেরদৌসকে বাদ দেওয়া হয়েছে। এবার জানালেন, নায়িকা পপিকেও বাদ দিয়েছেন। তবে তাদের জায়গায় কোন তারকারা যুক্ত হবেন— সে বিষয়ে এখনো কিছু জানাতে চাননি তিনি।
আরিফ জানান, ‘‘অনেক অপেক্ষা করেছি। কোনো সমাধান না পেয়ে শেষমেশ তাদের বাদ দিতেই হলো।’’
নতুন নায়ক-নায়িকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এই মুহূর্তে বলতে চাই না। পরিকল্পনা চূড়ান্ত হলে জানাবো।’’
পরিচালক আরও জানান, আগামী ১৬ জানুয়ারি থেকে পুনরায় শুটিং শুরু হবে। দিনটি বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ৮৮তম মৃত্যুবার্ষিকী। সেই দিনই আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নতুন করে যাত্রা শুরু করবে সিনেমাটি।
উল্লেখ্য, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনদর্শন নিয়ে নির্মিত হচ্ছে। তাঁর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা গাজী রাকায়েত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *