আসিফ আকবরকে কড়া জবাব ওমর সানীর: “সাহস থাকলে সামনে এসে কথা বল”
গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও খেলোয়াড়দের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন সংগীতশিল্পী আসিফ আকবর। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিতর্ক সৃষ্টি হয়, যেখানে চিত্রনায়ক ওমর সানী ও আসিফের মধ্যে সরাসরি বাক্য বিনিময় হয়।
আসিফ এক পডকাস্টে ওমর সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ এবং ‘নারীশাসিত পুরুষ’ বলে মন্তব্য করেন। যদিও নিজের বক্তব্যের শেষে তিনি ‘আই লাভ হিম’ বলে নরম হওয়ার চেষ্টা করেন, তবে ওমর সানী বিষয়গুলো গ্রহণযোগ্য মনে করেননি।
সোমবার সকালে নিজের ফেসবুক ভিডিও বার্তায় ওমর সানী বলেন:
“আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি। পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের বিষয়টি উল্লেখ করেছিলাম। কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন—এটা গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই। আমাকে নিয়ে কথা বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল। কিন্তু পরিবার নিয়ে নয়।”
ভিডিওর এক পর্যায়ে ওমর সানী হাত তুলতে তুলতে বলেন:
“হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল। তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী আর আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছে। এগুলো ধরে রাখ।”

