৩২ প্রকল্পে তহবিল ঘাটতি, ১৩ দাতা সংস্থায় সরকারের প্রস্তাব

রাজনীতি
৩২ প্রকল্পে তহবিল ঘাটতি, ১৩ দাতা সংস্থায় সরকারের প্রস্তাব
দেশের ৩২টি উন্নয়ন প্রকল্পে তহবিল ঘাটতি পূরণে সরকার ১৩টি আন্তর্জাতিক দাতা সংস্থার কাছে ঋণ ও অনুদানের প্রস্তাব পাঠিয়েছে। ডলার সংকট ও অভ্যন্তরীণ রাজস্ব আয়ে মন্থর বৃদ্ধি হওয়ায় এবার বৈদেশিক সহায়তার ওপর নির্ভরতা বাড়ছে। অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সহায়তা কমিটির সাম্প্রতিক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এসব প্রস্তাব পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
অর্থনীতিবিদদের মতে, দাতাদের ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে ঋণের চাপ বাড়াতে পারে। তাদের পরামর্শ, নতুন প্রকল্প অনুমোদনে কঠোর যাচাই, কার্যকর ব্যবস্থাপনা এবং ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। অর্থ বিভাগের তথ্যমতে, ২০২৫ সালের জুন পর্যন্ত দেশের মোট অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ২১ লাখ ৪৪ হাজার কোটি টাকা, যেখানে বৈদেশিক ঋণের পরিমাণ ৯ লাখ ৪৯ হাজার ১৮১ কোটি টাকা।
ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, প্রকল্পের উদ্দেশ্য, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা নিশ্চিত না করলে ব্যয় বেড়ে যায়। পরিকল্পনা কমিশন মোট ৩৬টি প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছে, যার মধ্যে ৩২টির জন্য দাতা সংস্থার কাছে সহায়তা চাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
দাতা সংস্থাগুলোর তালিকায় রয়েছে—এডিবি, বিশ্বব্যাংক, জাইকা, আইডিবি, চীন, কোরিয়া, এনডিবি, ইআইবি, এআইআইবি, ওএফআইডি, গ্রেটস ফাউন্ডেশন, আইএসডিবি এবং ইউএই। এসব সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে ইআরডির সংশ্লিষ্ট অনুবিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক অস্থিতিশীলতা, আস্থার সংকট, জু/লা/ই অ/ভ্যু/থ্যা/ন, আইনশৃঙ্খলা অবনতি এবং শিল্পোৎপাদন কমে যাওয়ায় রাজস্ব আয় সন্তোষজনক নয়। ফলে উন্নয়ন ব্যয় মেটাতে সরকারকে নতুন করে ঋণ নিতে হচ্ছে এবং আগের ঋণের সুদ পরিশোধেও চাপ বাড়ছে।
অর্থ বিভাগের পর্যবেক্ষণে বলা হয়েছে, ঋণ-জিডিপি অনুপাত এখনো সহনীয় হলেও কয়েকটি সূচক সতর্ক সংকেত দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজস্ব আদায়, রপ্তানি আয় বৃদ্ধি ও বৈচিত্র্য আনাই এখন সবচেয়ে জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *