শততম টেস্টে মুশফিকের যত রেকর্ড

খেলাধুলা
শততম টেস্টে মুশফিকের যত রেকর্ড
শততম টেস্ট যেন মুশফিককে দুহাত ভরে দিয়েছে রেকর্ডের উৎসবে। গত বুধবার শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামেন এই অভিজ্ঞ ব্যাটার। দুই ইনিংসে ব্যাট করে তিনি যোগ করেন একাধিক মাইলফলক, তৈরি করেন নতুন ইতিহাস।
মুশফিক টেস্ট ক্রিকেটে মাত্র অষ্টম উইকেটকিপার হিসেবে ১০০ বা তার বেশি ম্যাচ খেলার কীর্তি গড়েছেন। পাশাপাশি টেস্ট ইতিহাসের ৮৪ জন ক্রিকেটারের মধ্যে তিনি ১১তম, যিনি শততম টেস্টে সেঞ্চুরি করেছেন।
এশিয়ার ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের তালিকায় শচীন টেন্ডুলকার ও ইমরান খানের পরই অবস্থান মুশফিকের। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে শততম টেস্ট সেঞ্চুরির এলিট ক্লাবে নাম লেখানোর পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৩ রানে ফিফটি পূর্ণ করেন মুশফিক। এতে গড়েন আরেক বিশেষ রেকর্ড—শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও অন্তত ফিফটি করার কীর্তি বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে এসেছে তাঁর নামের পাশে। এতদিন এই রেকর্ড ছিল একমাত্র রিকি পন্টিংয়ের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৬ সালে শততম টেস্টে ১২০ ও ১৪৩* রান করেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি।অবশ্য দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তির সঙ্গে পন্টিংয়ের পাশে বসতে পারেননি। ৫৩ রানে অপরাজিত থাকতেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল।
দুই ইনিংস মিলিয়ে মুশফিকের রান ১৫৯। শততম টেস্টে সবচেয়ে বেশি রানের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।
– ১ম: রিকি পন্টিং – ২৬৩ (১২০ ও ১৪৩*)
– ২য়: জো রুট – ২৫৮ (২১৮ ও ৪০)
– ৩য়: ইনজামাম–উল–হক – ২১৫ (১৮৪ ও ৩১*)
– ৪র্থ: ডেভিড ওয়ার্নার – ২০০ (২০০)
– ৫ম: মুশফিকুর রহিম – ১৫৯ (১০৬ ও ৫৩*)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *