কবরীর শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’ এবার যাচ্ছে আন্তর্জাতিক উৎসবে

বিনোদন
কবরীর শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’ এবার যাচ্ছে আন্তর্জাতিক উৎসবে
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’ অবশেষে মুক্তির অপেক্ষায়। তবে প্রথম প্রিমিয়ার হবে দেশের বাইরে, কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এরপর বাংলাদেশে মুক্তি পাবে সিনেমাটি—জানিয়েছেন কবরীর ছেলে ও চলচ্চিত্রটির নির্মাতা শাকের চিশতী।
কবরীর মৃ/ত্যুর পর ২০২৩ সালের শেষ দিকে সিনেমাটির অসমাপ্ত কাজ শেষ করেন শাকের চিশতী। তিনি বলেন, “আম্মুর অসমাপ্ত কাজ শেষ করাটাই আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। অবশেষে সেই কাজ সম্পন্ন করতে পেরেছি। এরপর ডাবিং ও সম্পাদনার কাজও শেষ করেছি।”
তিনি আরও জানান, “আম্মু মা/রা যাওয়ার পর নানা জটিলতার কারণে কিছুটা সময় লেগেছে। বর্তমানে আমরা সিনেমাটি বিদেশের কয়েকটি আন্তর্জাতিক উৎসবে পাঠিয়েছি। সেখানে প্রদর্শনীর পর বাংলাদেশে মুক্তি দেওয়া হবে। তবে এখনই নির্দিষ্ট মুক্তির তারিখ বলতে পারছি না, তা নির্ভর করবে বিদেশে প্রদর্শনীর সময়সূচির ওপর।”
‘এই তুমি সেই তুমি’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন কবরী নিজেই। সিনেমাটিতে দুটি সময়কে কেন্দ্র করে কাহিনি গড়ে উঠেছে—একটি বর্তমান সময়, অন্যটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সোনালি অধ্যায়। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ।
পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি এই সিনেমার জন্য গানও লিখেছিলেন কবরী। তাঁর লেখা গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান ও কোনাল। সংগীত পরিচালনা করেছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।
এই সিনেমার মাধ্যমে পর্দায় আবারও ফিরে আসছে কবরীর সৃষ্টিশীলতা ও দেশপ্রেমের অনন্য ছোঁয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *