আওয়ামী লীগের একদলীয় শাসনের স্মৃতি স্মরণ করে বিএনপির পথসভা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। তিনি বলেন, ‘১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন বা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তারা জাতির মুক্তিকামী চেতনা ও গণতন্ত্রকে দমন করার চেষ্টা করেছিল। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিপ্লব ও সংহতির মাধ্যমে সেই বাকশালের অবসান ঘটে এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।’
রোববার (৯ নভেম্বর) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াচত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রার পথসভায় তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করে এসেছে। এই লড়াইয়ের জন্য তারা প্রাণ দিয়েও পিছপা হয়নি। আজও বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন।’
তিনি উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ বারবার জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা করেছে। কিন্তু মুক্তিকামী জনগণ কখনো সেই স্বৈরশাসন মেনে নেয়নি। প্রতিবারই জনগণের আন্দোলনের মুখে তাদের বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়েছে।’
পথসভা শেষে আনন্দ শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচদোনা মোড়ে শেষ হয়। শোভাযাত্রায় পলাশ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

