বাম দলগুলো নতুন সমীকরণের ভাবনায়

রাজনীতি
বাম দলগুলো নতুন সমীকরণের ভাবনায়
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের বামপন্থী দলগুলোর রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিশেষ করে বিএনপির প্রথম ধাপের মনোনয়ন ঘোষণার পর গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা হতাশ হয়েছেন বলে জানা গেছে। তাঁরা মনে করছেন, মঞ্চের সঙ্গে ন্যূনতম আলোচনা ছাড়া মনোনয়ন ঘোষণা করা বিএনপির একটি অদূরদর্শী পদক্ষেপ, যা দুই পক্ষের মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব সৃষ্টি করেছে।
শনিবার (৮ নভেম্বর) সূত্র জানায়, গণতন্ত্র মঞ্চের নেতারা আশঙ্কা করছেন—এ দূরত্ব রাজনীতির ক্ষেত্রকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। অন্যদিকে বাম গণতান্ত্রিক জোটের নেতারা নির্বাচনী জোট গঠনের লক্ষ্যে প্রগতিশীল দলগুলোকে কাছে টানার চেষ্টা চালাচ্ছেন, যদিও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা এখনও নির্বাচনী পরিকল্পনার বাইরে রয়েছে।
গত ৯ অক্টোবর গণতন্ত্র মঞ্চ ১২০ আসনে প্রার্থী ঘোষণা করে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (ঢাকা-৮), গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), জেএসডির তানিয়া রব (লক্ষ্মীপুর-৪), শহীদ উদ্দিন মাহমুদ স্বপন (ফেনী-৩), রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ূম (কিশোরগঞ্জ-৫) ও ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু (জামালপুর-৫) প্রার্থী হিসেবে মনোনীত হন। তবে এই আসনগুলোর মধ্যে বেশ কয়েকটিতে বিএনপি আলাদা করে নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে। যেমন—ঢাকা-৮ এ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ফেনী-৩ এ ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এবং জামালপুর-৫ এ শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *