সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব, প্রয়োজনে জীবন দেব – নায়েবে আমির তাহের

রাজনীতি
সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব, প্রয়োজনে জীবন দেব – নায়েবে আমির তাহের
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে আয়োজিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই। প্রয়োজনে আবার জীবন দেব, জুলাইয়ের চেতনা ভূলুণ্ঠিত হতে দেব না।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর পল্টনে জামায়াতসহ ৮ সমমনা দলের সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে শাপলা চত্বর থেকে পদযাত্রা শুরু করে দলগুলো পল্টনে এসে সমাবেশে মিলিত হয়।
জামায়াত নেতা তাহের বলেন, “বাংলাদেশে এখন একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয়, তা দিয়ে প্রতিদিনই গণভোট আয়োজন সম্ভব। নো হাঙ্কিপাঙ্কি—জাতীয় নির্বাচনের আগে গণভোট অবশ্যই হতে হবে। সরকারকে বলব, চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা করে গণভোট আয়োজন করুন।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর আলোচনায় সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে। আমরা যেমন আলোচনার জন্য কমিটি গঠন করেছি, বিএনপির প্রতিও আহ্বান—আপনারাও আলোচনায় অংশ নিন।”
ডা. তাহের অভিযোগ করেন, সরকার নানা চালাকি করছে, কিন্তু জনগণের দাবি এড়িয়ে যেতে পারবে না। তিনি বলেন, “আমরা সরকারের চালাকি বুঝি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। প্রয়োজনে জীবন দেব, কিন্তু জুলাইয়ের চেতনা ভূলুণ্ঠিত হতে দেব না।”
পদযাত্রায় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *