বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে ইরফান সাজ্জাদ

খেলাধুলা
বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে ইরফান সাজ্জাদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলার দায়িত্ব গ্রহণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন প্রশংসার জোয়ার, তখনই এক মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ। নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত তিনি নিজের সেই পোস্ট মুছে ফেলতে বাধ্য হন। গত ৩ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত পরিচালক হিসেবে প্রথমবারের মতো বিসিবির বোর্ড মিটিংয়ে যোগ দেন রুবাবা দৌলা। এদিন তার একটি ছবি ফেসবুকে পোস্ট করে ইরফান সাজ্জাদ লিখেছিলেন, “এর পরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নেই।”
অভিনেতার এই মন্তব্যের পরপরই শুরু হয় সমালোচনার ঝড়। নেটিজেনদের অনেকেই মন্তব্যটিকে নারীবিদ্বেষী ও অশালীন বলে আখ্যায়িত করেন। তাদের মতে, একজন নারী ক্রীড়া সংগঠকের পেশাগত যোগ্যতার বদলে তার সৌন্দর্য নিয়ে এমন মন্তব্য করা অসম্মানজনক ও কুরুচিপূর্ণ। ফেসবুক ব্যবহারকারী তুনাজ্জিনা সিকদার তুনা ইরফানের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, “রসিকতা আর অশালীনতার মধ্যে পার্থক্য আছে। একজন কর্মজীবী নারীকে এভাবে মন্তব্য করা নারীদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করে।” তিনি অভিনেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতেও আহ্বান জানান।
সমালোচনার মুখে ইরফান সাজ্জাদ প্রথমে ব্যাখ্যা দিয়ে লেখেন, “আমার পোস্টটি ব্যঙ্গাত্মক ছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তাকে স্বাগত জানাতে চেয়েছিলাম। বলতে চেয়েছিলাম, এত সুন্দর ও মেধাবী একজন ব্যক্তি বিসিবিতে যোগ দিয়েছেন, তার পরও যদি খেলোয়াড়রা অনুপ্রাণিত না হন, তবে কখনোই হবে না।” তবে বিতর্ক থামেনি। ক্রমবর্ধমান সমালোচনার পর অবশেষে অভিনেতা পোস্টটি মুছে ফেলেন। পরবর্তীতে তিনি জানান, “অনেকেই ভুল বুঝেছে, তাই পোস্টটি ডিলিট করছি। এখন কিছু পোস্ট করলেই মানুষ উল্টাপাল্টা মন্তব্য করে।”
এই ঘটনার পর নেটিজেনদের মধ্যে আবারও কর্মক্ষেত্রে নারীদের প্রতি সম্মান ও আচরণবিধি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *