বিএনপির মনোনয়ন তালিকায় কোনো শোবিজ তারকার নাম নেই

রাজনীতি
বিএনপির মনোনয়ন তালিকায় কোনো শোবিজ তারকার নাম নেই
আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন।
মনোনয়ন তালিকায় দেখা গেছে, নিজ নিজ নির্বাচনী এলাকায় পরিচিত ও গ্রহণযোগ্য অনেক প্রার্থী থাকলেও কোনো শোবিজ তারকার নাম নেই। বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় সংগীতাঙ্গনের মানুষের নাম বেশি উচ্চারিত হলেও তারা মনোনয়ন পাননি। আলোচনায় ছিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনকচাঁপা এবং অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।
এর পাশাপাশি বিভিন্ন সময়ে আলোচনায় উঠে এসেছে সংগীতশিল্পী আসিফ আকবর, নাজমুন মুনিরা ন্যান্‌সি, চলচ্চিত্র অভিনেতা হেলাল খান ও শিবা সানু। তবে মনোনয়ন তালিকায় কোথাও তাদের নাম নেই।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলীয় মনোনয়ন প্রক্রিয়ায় ব্যক্তির রাজনৈতিক যোগ্যতা, জনসাধারণের গ্রহণযোগ্যতা ও অভিজ্ঞতা গুরুত্ব পাচ্ছে, শোবিজ পরিচিতি একমাত্র মানদণ্ড নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *