কানাডার কনসার্টে মাধুরী দীক্ষিতের উপর ভক্তদের ক্ষোভ, টিকিট ফেরতের দাবি
বলিউডের কিংবদন্তি নায়িকা মাধুরী দীক্ষিতের প্রতি ভক্তদের আগ্রহ সবসময়ই চোখে পড়ার মতো। কিন্তু সম্প্রতি কানাডায় তার শোতে এই আগ্রহ কিছুটা রূপান্তরিত হয়েছে ক্ষোভে। অভিনেত্রীকে দেখতে আগ্রহী দর্শকরা অভিযোগ করছেন, তিন ঘণ্টা ধরে তাদের বসিয়ে রেখেছেন মাধুরী। অনেকেই টিকিটের টাকা ফেরতের দাবি তুলেছেন।
সোশ্যাল মিডিয়ায় শোয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে দর্শকরা ক্ষোভে ফুঁসছেন। অভিযোগ, শোতে অতিরিক্ত সময় লেগেছে, অথচ টিকিটের দাম তুলনামূলকভাবে বেশি ছিল। কিছু দর্শক লিখেছেন, “টাকা নষ্ট, সময় নষ্ট।” আবার কেউ বলেছেন, “বিজ্ঞাপনে বলা হয়নি, যে দুই সেকেন্ড করে গান এবং মাঝেমধ্যে গল্প করবেন। এটা কী ধরনের শো?”
কনসার্টের উদ্যোক্তারাও এই বিশৃঙ্খলার জন্য কাঠগড়ায়। সোশ্যাল মিডিয়ায় শো সম্পর্কিত নানা কটূক্তি ছড়িয়েছে। তবে মাধুরী দীক্ষিতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই ঘটনায় দর্শকরা শো এবং বিনোদনের মান নিয়ে উদ্বিগ্ন হলেও অনেকেই এখনও অভিনেত্রীকে সমর্থন জানাচ্ছেন এবং ভবিষ্যতের জন্য আশা রাখছেন।

