দীপাবলিতে বলিউডে ‘ঠাম্মা’র গতি কমছে

ক্রিয়েশন
দীপাবলির উৎসবে মুক্তিপ্রাপ্ত একাধিক বলিউড ছবির ভিড়ে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মন্দানা অভিনীত ‘ঠাম্মা’ যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মুক্তির পর প্রথম কয়েক দিন আশাব্যঞ্জক সংগ্রহ করলেও, বর্তমানে বক্স অফিসে ছবিটির গতি স্পষ্টভাবে কমে গেছে।
বক্স অফিস বিশ্লেষণ সংস্থা স্যাকনিল্ক জানিয়েছে, মুক্তির চতুর্থ দিনে ‘ঠাম্মা’ আয় করেছে প্রায় ৯.৫ কোটি রুপি। ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে মোট আয় দাঁড়িয়েছে ৬৫.৫ কোটি রুপিতে। সংখ্যাটি খারাপ নয়, তবে দীপাবলির মতো বড় উৎসবে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে এই আয় তেমন আশাব্যঞ্জক নয়।
এবারের দীপাবলিতে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমার তুলনায় ‘ঠাম্মা’ অনেকটা পিছিয়ে পড়েছে। শুধু আয়ের দিক থেকেই নয়, কমে গেছে দর্শকের আগ্রহও। ভারতের বিভিন্ন শহরে সিনেমাটির প্রদর্শনী সংখ্যা কমে যাচ্ছে, যা এর জনপ্রিয়তার নিম্নগামী প্রবণতা স্পষ্ট করছে।
অন্যদিকে, তুলনামূলকভাবে ছোট পরিসরে মুক্তি পাওয়া ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ বরং চমক দেখিয়েছে। অর্ধেক প্রদর্শনী নিয়েও ছবিটি চার দিনে আয় করেছে ২৮.২৫ কোটি রুপি এবং দর্শকচাহিদা স্থিতিশীল রেখেছে।
আদিত্য সরপটদার পরিচালিত ‘ঠাম্মা’-তে আয়ুষ্মান ও রাশমিকার পাশাপাশি অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, পারেশ রাওয়াল, জানার্দন কদম ও গীতা আগরওয়াল শর্মা।
সমালোচকদের মতে, ছবিটির গল্প ও গতি কিছুটা ভারী হওয়ায় দর্শক প্রত্যাশিত বিনোদন পাচ্ছেন না। দীপাবলির মতো উৎসবের মৌসুমে দর্শক যেখানে খুঁজছেন হালকা মেজাজের বিনোদন ও চমক, সেখানে ‘ঠাম্মা’ অনেকের কাছে একঘেয়ে মনে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *