কেরানীগঞ্জে কেন্দ্রীয় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, একটি দল পিআরের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, কিন্তু জনগণ এখন অনেক সচেতন। তারা বিশৃঙ্খলা রুখে দেবে। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে এবং ভোটগণনা শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে পাহারা দিতে হবে। ইনশাআল্লাহ, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে এবং জাতীয় সরকার গঠন করবে।
অধ্যাপক আমান আরও উল্লেখ করেন, কিছু দল ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। ভোটের বিনিময়ে জান্নাতের লোভ দেখানো হচ্ছে, যা নবী করীম (সা.) কখনো করেননি। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। সভার শেষে দলের নেতাকর্মীরা ঐক্যের শপথ নেন এবং ঘোষণা দেন—“আমরা মাঠে থাকব, ভোট রক্ষা করব, জনগণের সরকার প্রতিষ্ঠা করব।”
সভায় উপস্থিত ছিলেন কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়া, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন, নেতা মফিজুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক দাউদ সিকদার, গ্রাম আদালতের চেয়ারম্যান আউয়াল সিকদার, হযরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলামিন টুলু, কেরানীগঞ্জ মডেল থানা সদস্য মো. রফিক, জাসাস আহ্বায়ক শাফায়াত হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।

