ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়।
দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও আছেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সাবেক ইসি সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
জানা গেছে, চলতি মাসে ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত করতে নির্বাচন কমিশনের উদ্যোগ নিয়ে বিএনপি বৈঠকে তাদের অবস্থান স্পষ্ট করবে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগের বিষয়ে পর্যবেক্ষণ লিখিত আকারে ইসির হাতে তুলে দেওয়া হবে।
এ ছাড়া ভোটগ্রহণ প্রক্রিয়ায় নিরপেক্ষ ব্যক্তিদের সম্পৃক্ত করা, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং নির্বাচন সংশ্লিষ্ট সব কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানাবে বিএনপি।
এর আগে গত সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে দলটির বৈঠক অনুষ্ঠিত হয়।

