দেশে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পদ্ধতিতে আসছে অমূল পরিবর্তন। এখন থেকে লাইসেন্স পেতে হলে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদফতরে জাতীয় সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, নতুন পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের মান বাড়ানো হবে। প্রশিক্ষণকালীন সময়ে অংশগ্রহণ কারীদের ভাতাও দেওয়া হবে।
উপদেষ্টা জানান, লাইসেন্স পেতে দুই ধরণের প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক করা হবে—একটি তাত্ত্বিক, যেখানে সড়কের সাইন ও নিয়ম শেখানো হবে, অন্যটি ব্যবহারিক, যাতে চালক গাড়ি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। পাশাপাশি শারীরিক সক্ষমতা যাচাই ও ডোপ টেস্টও করা হবে।
তিনি আরও বলেন, ফিটনেসবিহীন যানবাহন দুর্ঘ/টনার অন্যতম কারণ। এসব যানবাহন ধীরে ধীরে ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে। মোটরসাইকেল দুর্ঘ/টনা রোধে মানসম্মত হেলমেট ব্যবহারের তাগিদ দিয়ে তিনি জানান, ঝুঁকি এড়াতে ১০ হাজার হেলমেট বিতরণ করা হবে।
এছাড়া আহ/তদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে বিশ্বব্যাংকের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বকশ চৌধুরী বলেন, চালকদের আন্তর্জাতিক মানদণ্ডে প্রশিক্ষিত করতে আধুনিক ড্রাইভিং স্কুল স্থাপন করা জরুরি।

