রংপুরের পীরগঞ্জে অ্যানথ্রাক্স উপসর্গে আক্রান্ত ৯ জন শনাক্ত

দেশের খবর
রংপুরের পীরগঞ্জ উপজেলায় অ্যানথ্রাক্স উপসর্গে আক্রান্ত ৯ জন রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন এবং রামনাথপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে গিয়ে মেডিকেল টিম আরও চারজন রোগী শনাক্ত করে।
শনাক্ত রোগীরা হলেন—দ্বারিয়াপুর গ্রামের আশুরা বেওয়া (৬৫), রবিউল ইসলাম (৫৫), শহীদ মিয়া (২৩), শরিফ মিয়া (২২), খাসা মিয়া (৫২), শিল্পী খাতুন (২৮), আল মামুন মিয়া (১৬), খোরশেদ আলী (২৫) এবং চেরাগপুর গ্রামের রওহাবুল মিয়া (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর আশুরা বেওয়া নামের এক নারী তার অসুস্থ গরুটি জবাই করে প্রতিবেশীদের মধ্যে মাংস বিতরণ করেন। তিন দিন পর, অর্থাৎ ১৪ অক্টোবর, আশুরা সহ আরও কয়েকজনের শরীরে অ্যানথ্রাক্সের মতো উপসর্গ দেখা দেয়। পরে তারা চিকিৎসার জন্য মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে বিষয়টি জানা যায়।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা বলেন, “অ্যানথ্রাক্স উপসর্গে আক্রান্ত ৯ জনকে শনাক্ত করা হয়েছে। এটি ছোঁয়াচে রোগ নয়; সাধারণত মানুষের থেকে মানুষের মধ্যে সহজে সংক্রমিত হয় না। তবে সংক্রামিত প্রাণীর সংস্পর্শে আসা বা এর মাংস খাওয়ার মাধ্যমে এ রোগ ছড়াতে পারে।”
তিনি আরও জানান, আক্রান্তদের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে এবং এলাকাটি পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই সঙ্গে স্থানীয়দের সতর্ক থাকতে ও অসুস্থ প্রাণী জবাই না করতে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *