এখনো এশিয়া কাপের ট্রফি নিয়ে জটিলতা নিরসন হয়নি ভারত এবং পাকিস্তানের মধ্যে ।ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আনুষ্ঠানিক ট্রফি দাবি সত্ত্বেও, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি নিজের শর্তেই অটল আছেন । বিসিসিআইকে দেয়া জবাবে নাকভি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী মাসে দুবাইয়ে এসে তার হাত থেকেই ট্রফি গ্রহণ করতে হবে।
এসিসি থেকে পাঠানো জবাবে বলা হয়েছে,‘১০ নভেম্বর দুবাইয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। অধিনায়ক ও খেলোয়াড়দের সঙ্গে নিয়ে আমার কাছ থেকে ট্রফি গ্রহণ করুন।’
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দল এসিসি প্রধান নাকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি। এই ‘অপেশাদার’ আচরণের জেরে ক্ষুব্ধ নাকভি পুরো পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করে দেন এবং ট্রফিটি বর্তমানে এসিসির দুবাই অফিসে রাখা হয়েছে। এর আগে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এবং সচিব সাইকিয়া উভয়েই নাকভির আচরণের কড়া সমালোচনা করেন। শুক্লা মন্তব্য করেন,‘এশিয়া কাপ ট্রফি ভারতের প্রাপ্য। এটি অবিলম্বে বিজয়ী দলের হাতে তুলে দিতে হবে।’ অন্যদিকে সাইকিয়া এসিসি প্রধান নাকভির আচরণকে ‘খেলোয়াড়সুলভ নয়’ বলে আখ্যায়িত করেন।
ট্রফি হস্তান্তরের জন্য বিসিসিআই আনুষ্ঠানিক ই-মেইল পাঠিয়ে দাবি জানালেও, এসিসি সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসিসি ভারতকে নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাইয়ে একটি বিশেষ ট্রফি প্রদান অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে। উল্লেখ্য দুদেশের মধ্যে সাম্প্রতিক যুদ্ধ হওয়ায় রাজনৈতিক , অর্থনেতিক, ক্রীড়া সকল ক্ষেত্রে শীতল সম্পর্ক বিরাজমান ।

