আইনের বাইরে কিছু করার সুযোগ নেই নির্বাচন কমিশনের: ইসি আনোয়ারুল

দেশের খবর রাজনীতি
নির্বাচন কমিশনের (ইসি) কোনো সিদ্ধান্তই আইনগত ক্ষমতা ও বিধিমালার বাইরে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি স্পষ্টভাবে জানান, প্রতীকের তালিকায় শাপলা না থাকায় সেটি কোনো ভাবেই বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে পুলিশের নির্বাচনী দায়িত্ব ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি আনোয়ারুল বলেন, “প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী যে প্রতীকগুলো তালিকাভুক্ত আছে, সেখান থেকেই প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিতে হয়। আইন অনুযায়ী আমাদের তালিকায় যে প্রতীক নেই, সেটি কোনো ভাবেই দেওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশন আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কারণ বা ঘটনা ঘটেনি। অনেক বিষয় মিডিয়াতে এসেছে, তবে এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আমরা আশা করছি, রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত এবং আগামীতেও সুষ্ঠু নির্বাচনের জন্য সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। “সব বাহিনী প্রস্তুত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হবে না,” যোগ করেন তিনি।
অতীতের মতো বিতর্কিত নির্বাচন হওয়ার সুযোগ আর নেই বলেও উল্লেখ করেন ইসি আনোয়ারুল। তার ভাষায়, “বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবে না।”
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচন পদ্ধতি একটি রাজনৈতিক বিষয়। এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা, সিলেট জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এবং সিটিএসবি ডিসি আফজল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *