ইন্টারনেটের ভবিষ্যৎ নির্ধারণে আইক্যান-৮৫ সম্মেলন শুরু

টেক

ইন্টারনেটের ভবিষ্যৎ নির্ধারণে আইক্যান-৮৫ সম্মেলন শুরু

বিশ্বব্যাপী ইন্টারনেটের ডোমেইন নাম, আইপি ঠিকানা এবং প্রযুক্তিগত মান ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আন্তর্জাতিক সংস্থা আইক্যান (Internet Corporation for Assigned Names and Numbers – ICANN)-এর ৮৫তম কমিউনিটি ফোরাম ‘আইক্যান-৮৫’ ভারতের মুম্বাইয়ে শুরু হয়েছে।

মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই ছয় দিনব্যাপী সম্মেলনে বিশ্বের শতাধিক দেশের প্রযুক্তিবিদ, নীতিনির্ধারক, গবেষক ও ইন্টারনেট বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সম্মেলনের প্রথম দিনেই ইন্টারনেটের বৈশ্বিক নীতিমালা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বিশেষজ্ঞরা বলেন, ইন্টারনেট কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের নিয়ন্ত্রণে নয়। বরং ‘মাল্টি-স্টেকহোল্ডার মডেল’-এর মাধ্যমে সাধারণ ব্যবহারকারী, ব্যবসা প্রতিষ্ঠান, প্রযুক্তিবিদ এবং সরকার—সব পক্ষের অংশগ্রহণে এর নীতিমালা নির্ধারণ করা হয়।

এই মডেল অনুসারে ‘বটম-আপ’ পদ্ধতিতে নীতি প্রণয়ন করা হয়। অর্থাৎ কোনো সমস্যা বা উন্নয়নের প্রয়োজন দেখা দিলে সাধারণ ব্যবহারকারী বা সংশ্লিষ্ট পক্ষ প্রস্তাব দিতে পারে। এরপর বিশেষজ্ঞদের নিয়ে ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয় এবং জনমত যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশেষজ্ঞরা জানান, ডটকম (.com), ডটনেট (.net) বা ডটঅর্গ (.org)-এর মতো ডোমেইন নামের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে আইক্যানের এসব নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন জেনেরিক টপ লেভেল ডোমেইন চালু এবং ডিএনএস অপব্যবহার বা সাইবার আ/পরা/ধ কমাতে এসব আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই সম্মেলনে বাংলাদেশ থেকেও তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে। তারা হলেন বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ, বিটিসিএল’র ডোমেইন ম্যানেজার জয়িতা সেন রিম্পি এবং হোস্টিং ডটকমের অপারেশন ম্যানেজার ইমরান হোসেন।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং ইন্টারনেট গভর্ন্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

#আইক্যান৮৫ #ইন্টারনেটনীতি #ডোমেইননেম #প্রযুক্তিসংবাদ #বাংলাদেশআইটি
#ICANN85 #InternetGovernance #DomainName #TechNews #DigitalPolicy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *