ফেসবুক প্রতারণায় ৭৬ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
ফেসবুকে ভুয়া পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে এক প্রতারকের ৭৬ লাখ ৩২ হাজার টাকার স্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মহানগর দায়রা আদালতের সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে এই পদক্ষেপ নেওয়া হয়।
সিআইডি জানায়, মনিরুল ইসলাম নামে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে কখনও চিকিৎসক, কখনও কলেজের অধ্যক্ষ, আবার কখনও প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। একপর্যায়ে ফোনে নারী কণ্ঠ ব্যবহার করে বিশ্বাস অর্জন করে ভুক্তভোগীদের কাছ থেকে ধার হিসেবে টাকা নিতেন। টাকা পাওয়ার পর তিনি মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে যেতেন।
তদন্তে আরও জানা গেছে, আত্মসাৎ করা অর্থ দিয়ে তিনি ঢাকার ডেমরা ও দারুসসালাম এলাকায় জমি ও ফ্ল্যাট কিনেছেন। মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলার ভিত্তিতে আদালতের আদেশে এসব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
#ফেসবুক_প্রতারণা #সিআইডি #আইন_শৃঙ্খলা
#FacebookScam #CIDBangladesh #CyberCrime

