গাজার শান্তি পর্ষদে ১০০ কোটি ডলার দিতে চান পুতিন
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা ‘বোর্ড অব পিস’-এ ১০০ কোটি ডলার অনুদান দিতে আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
পুতিন প্রস্তাবে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে ফ্রিজ করা রাশিয়ার অর্থ থেকে এই ১০০ কোটি ডলার গাজার পুনর্গঠনে ব্যবহার করা যেতে পারে। যদিও গাজা বোর্ড অব পিসে রাশিয়ার সদস্যপদ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মস্কো। বিষয়টি নিয়ে কৌশলগত মিত্রদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পুতিন।
ট্রাম্পের শান্তি পরিকল্পনায় যুদ্ধ-পরবর্তী গাজায় একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার গঠনের পাশাপাশি আন্তর্জাতিক শান্তি পর্ষদের মাধ্যমে পুনর্গঠন কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ এই পর্ষদে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।
#গাজা #পুতিন #আন্তর্জাতিক_রাজনীতি
#GazaPeace #Putin #WorldPolitics

