সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার আয়োজন করা হয়।
মাহমুদুল হাসান বুধবার ঢাকার গুলশানে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজার সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, আহমেদ আযম খান, আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল এবং মাহমুদুল হাসানের ছেলে রাশেদ হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজকর্মী উপস্থিত ছিলেন। পরে তাকে সন্তোষের বাসায় দাফন করা হয়।
মাহমুদুল হাসান ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইলের মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে বিজ্ঞানে স্নাতক ও পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ১৯৫৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হয়ে ইঞ্জিনিয়ারিং কোরে যোগ দেন এবং ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে কাশ্মীরের আখনুর সেক্টরে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি মেজর জেনারেল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।
রাজনীতিতে তিনি ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির পক্ষে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এছাড়া তিনি জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান এবং টাঙ্গাইলে কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে অবদান রেখেছেন।
#MahmudulHasan #ExHomeMinister #BNP #BangladeshPolitics #মাহমুদুলহাসান #স্বরাষ্ট্রমন্ত্রী #বাংলাদেশসংবাদ #BangladeshNews #BNPLeaders #BangladeshUpdates

