আর কতদিন থাকবে ঘন কুয়াশা, জানাল আবহাওয়া অফিস
রাজধানী ঢাকা সহ সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত ও ঘন কুয়াশা। সকাল থেকে সূর্যের দেখা না মেলায় জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ শীতের কষ্টে সবচেয়ে বেশি বিপর্যস্ত হচ্ছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভারতের উত্তরপ্রদেশ অঞ্চল থেকে নেমে আসা শীতল হিমেল হাওয়ার প্রভাবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গেছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা তৈরি হচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আরও ৩ থেকে ৪ দিন সারা দেশে এমন কুয়াশা থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং কিছু এলাকায় তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
রোববার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে—৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকাসহ আশপাশের জেলাগুলোতেও তাপমাত্রা দ্রুত কমছে।
এদিকে শীত ও কুয়াশার কারণে হাসপাতালে নিউমোনিয়া/ডায়রিয়া সহ নানা ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা শিশু ও বয়স্কদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
#কুয়াশা #শীতেরখবর #আবহাওয়া #ঢাকারশীত #বাংলাদেশআবহাওয়া
#Fog #WinterUpdate #BangladeshWeather #ColdWave #WeatherNews

