বিশ্বের সবচেয়ে ছোট ঘোড়া ‘পুমুকেল’
জার্মানির পুমুকেল নামের ঘোড়া দেখে প্রথমে কেউ ধারণা করতে পারে না এটি বাস্তব ঘোড়া নাকি পুতুল। বাদামি ও উজ্জ্বল সাদা রঙের এই ঘোড়ার মাথা ও ঘাড়ে লম্বা লোম চুলের মতো ঝুলে থাকে।
পুমুকেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর উচ্চতা—মাত্র ২১.১ ইঞ্চি, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সর্বনিম্ন উচ্চতার জীবন্ত ঘোড়া হিসেবে স্বীকৃত। ২০২০ সালে ক্যারোলা ভাইডেমান নামের এক নারী পুমুকেলকে পোষা শুরু করেন। তখন এটি মাত্র ৫ মাসের ছিল এবং উচ্চতা ছিল ১৮ ইঞ্চি।
পূর্বের রেকর্ডধারী ঘোড়ার চেয়ে পুমুকেল দেড় ইঞ্চি ছোট। এটি প্রশিক্ষিত ঘোড়া এবং থেরাপির কাজে ব্যবহৃত হয়। নিয়মিত নার্সিং হোম, হাসপাতাল, স্কুল ও প্রতিবন্ধী মানুষের কাছে নিয়ে যাওয়া হয়।
ক্যারোলা জানান, পুমুকেল খুবই মিষ্টি স্বভাবের, শিশুদের সঙ্গে ভালো আচরণ করে, খোঁচাখুঁচি ও আলিঙ্গন পছন্দ করে এবং সবসময় মানুষের মনোযোগের কেন্দ্রে থাকতে চায়। পুমুকেল কোনো ছোট প্রজাতির ঘোড়া নয়; প্রকৃতিই এটিকে এই আকার দিয়েছে।

