ভারতের ঘরোয়া ক্রিকেটে চার জন ক্রিকেটার সাময়িক নিষিদ্ধ
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ জন ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। নিষিদ্ধ হওয়া ওই ৪ ক্রিকেটার হলেন, অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠি ও অভিষেক ঠাকুরি।
এসিএর সম্পাদক সনাতন দাস এক বিবৃতিতে বলেন,‘অভিযোগ সামনে আসার পর বিসিসিআইয়ের অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট তদন্ত চালায়। পাশাপাশি এসিএও ফৌজদারি কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তারা গুরুতর অসদাচরণে জড়িত ছিলেন, যা ক্রিকেটের স্বচ্ছতা ও একতাকে ক্ষতিগ্রস্ত করেছে।’
এসিএ জানিয়েছে, অভিযুক্ত চারজনের বিরুদ্ধে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। তারা বিভিন্ন সময়ে আসামের হয়ে খেলেছেন এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অংশ নেওয়া কয়েকজন আসামি ক্রিকেটারকে প্রভাবিত ও প্ররোচিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
নিষেধাজ্ঞার বিষয়ে সনাতন দাস আরও বলেন, ‘পরিস্থিতির আরও অবনতি রোধ করতেই তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তদন্তের চূড়ান্ত ফলাফল কিংবা অ্যাসোসিয়েশনের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।’নিষেধাজ্ঞার সময়কালে অভিযুক্ত চার ক্রিকেটার এসিএ আয়োজিত বা এর জেলা ইউনিট ও অনুমোদিত ক্লাবের অধীনে অনুষ্ঠিত কোনো রাজ্যস্তরের টুর্নামেন্ট বা ম্যাচে অংশ নিতে পারবেন না। এছাড়া, ম্যাচ রেফারি, কোচ, আম্পায়ারসহ যেকোনো ধরনের ক্রিকেট-সম্পর্কিত কার্যক্রমেও তাদের অংশগ্রহণ নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য, আসামের সৈয়দ মুস্তাক আলি ট্রফির লিগ ম্যাচগুলো লখনৌতে গত ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। রাজ্যটি সুপার লিগ পর্বে উঠতে পারেনি।

