এনসিপির প্রার্থী ঘোষণা: বিএনপির এম এ কাইয়ুমের বিপক্ষে লড়বেন নাহিদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বাংলামোটর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১২৫ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
ঢাকা-১১ আসন (বাড্ডা–ভাটারা–রামপুরা) থেকে এনসিপির হয়ে লড়বেন নাহিদ ইসলাম। এই আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম, যাকে দলটি গত ৩ নভেম্বর প্রকাশিত প্রাথমিক তালিকায় মনোনীত করেছিল।
এদিকে, একই দিনে এনসিপি ঘোষণা করেছে—পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লড়বেন। পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলার বড় অংশ নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী হিসেবে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের নাম প্রকাশ করেছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এনসিপির তালিকা ঘোষণার পর নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও ঘন হচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতি বিশ্লেষকরা। আসনভিত্তিক সমীকরণে নতুন প্রতিদ্বন্দ্বিতা আগামী নির্বাচনে বাড়তি উত্তাপ সৃষ্টি করবে বলে ধারণা পাওয়া যাচ্ছে।

