অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের বিষয়ে আরও কঠোর হচ্ছে ইইউ
অবৈধ অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের বাড়তি চাপ মোকাবিলায় আরও কঠোর নীতি গ্রহণ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (৮ ডিসেম্বর) বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অভিবাসন নীতিতে নতুন কঠোর পদক্ষেপগুলোতে প্রাথমিকভাবে সম্মতি দেন সদস্য রাষ্ট্রগুলো। খবর এএফপি।
ইউরোপীয় কমিশনের উপস্থাপিত নতুন প্রস্তাবগুলোর ওপর প্রথমবারের মতো ভোট অনুষ্ঠিত হবে। এতে অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রত্যাবাসন প্রক্রিয়া আরও কঠোর করার সুপারিশ রয়েছে। ইইউ’র বাইরে ‘রিটার্ন হাব’ বা পুনর্বাসন কেন্দ্র স্থাপনও প্রস্তাবের অন্তর্ভুক্ত।
ডানপন্থি দলগুলোর জনপ্রিয়তা বাড়ার আশঙ্কায় ইউরোপের অনেক সরকারই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে ঝুঁকছে। সেই ধারাবাহিকতায় আসছে আরও কঠোর পদক্ষেপ।
নতুন প্রস্তাবগুলোর মূল দিকগুলো হলো—
ইইউ-এর বাইরে পুনর্বাসন কেন্দ্র (রিটার্ন হাব) স্থাপন
স্বেচ্ছায় দেশে না ফিরলে কঠোর শাস্তির ব্যবস্থা
অভিবাসীকে তার নিজ দেশে নয়, ইইউ নির্ধারিত ‘নিরাপদ তৃতীয় দেশে’ ফেরত পাঠানো
ইউরোপীয় কমিশনের এই প্রস্তাবগুলো কার্যকর হওয়ার জন্য এখন ইউরোপীয় পার্লামেন্টের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। কর্মকর্তারা বলছেন, নতুন নীতিগুলো ইইউ-এর অভিবাসন ব্যবস্থাকে আরও দ্রুত ও কঠোরভাবে পরিচালনা করতে সহায়তা করবে।
তবে মানবাধিকার সংস্থাগুলো এই কঠোর নীতির তীব্র বিরোধিতা করেছে এবং অভিবাসীদের মৌলিক অধিকার রক্ষায় উদ্বেগ প্রকাশ করেছে।

