বিটিআরসিতে বৈঠক, বাইরে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান
আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে আজ সোমবার সকাল ১১টা থেকে বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। স্পেকট্রাম বিভাগের মহাপরিচালকসহ কমিশনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং এমবিসিবির প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন।
বৈঠকের ভেতরে আলোচনা চলতে থাকলেও ভবনের বাইরে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত মোবাইল ব্যবসায়ী। তারা এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার) সংস্কারসহ কয়েকটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।
ব্যবসায়ীরা অভিযোগ করছেন, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন, অথচ উপকৃত হবে কেবল একটি স্বার্থ/গোষ্ঠী। তাদের আশঙ্কা, বাড়তি কর ও কঠোর নিয়ন্ত্রণের ফলে গ্রাহক পর্যায়ে মোবাইল ফোনের দামও বেড়ে যেতে পারে।
অন্যদিকে বিটিআরসি জানায়, অবৈধ হ্যান্ডসেট নিয়ন্ত্রণ, ভোক্তা নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্র্যাকিং ব্যবস্থাকে স্বচ্ছ করতে এনইআইআর বাস্তবায়ন জরুরি।
এমবিসিবি নেতারা শান্তিপূর্ণ সমাধান চান বলে জানিয়েছেন। তবে বৈঠকে কী সিদ্ধান্ত আসবে—তা নিয়ে ব্যবসায়ীদের মাঝে অপেক্ষা ও উদ্বেগ বাড়ছে।
এর আগে শনিবার সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য সারাদেশে মোবাইল দোকান বন্ধের ঘোষণা দেয়। রবিবার সকাল থেকে তারা বিটিআরসি ঘেরাও করে অবস্থান নিলে আগারগাঁও এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে রাত পৌনে ৯টার দিকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করা হয়।
এদিকে জানা গেছে, এনইআইআর সংক্রান্ত জটিলতা নিরসনে আগামীকাল উচ্চপর্যায়ের যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং এমবিসিবির প্রতিনিধিরা অংশ নেবেন।

