সামান্থার স্বামী রাজ নিদিমোরু কে?
দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অবশেষে নিজের নতুন জীবনের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। দীর্ঘদিনের গুঞ্জন সত্যি করে সোমবার সকালেই ইশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। ঘনিষ্ঠ মাত্র ৩০ জন অতিথির উপস্থিতিতে সম্পন্ন হয় এই অনুষ্ঠান। বিয়েতে সামান্থা পরেছিলেন ঐতিহ্যবাহী লাল শাড়ি।
এর আগে সামান্থা বিয়ে করেছিলেন অভিনেতা নাগা চৈতন্যকে। চার বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদ হয়। পরে নাগা অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন। অন্যদিকে রাজ নিদিমোরু ২০১৫ সালে শ্যামলী দেকে বিয়ে করলেও ২০২২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।
সামান্থা ও রাজের পরিচয় কাজের মাধ্যমেই। রাজ ও ডিকে পরিচালিত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এবং ‘সিটাডেল: হানি বানি’-তে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়ায় সোশ্যাল মিডিয়ায়।
রাজ নিদিমোরু শুধু পরিচালক নন—চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবেও তার খ্যাতি সমান। ভারতীয় চলচ্চিত্রে নতুন ধারার যেসব নির্মাতা পরিবর্তনের ঢেউ তুলেছেন, রাজ তাদের অন্যতম। বাস্তবধর্মী গল্প, ব্যঙ্গাত্মক উপস্থাপন ও নতুন স্টাইলিং তার কাজের বৈশিষ্ট্য।
অন্ধ্রপ্রদেশের তিরুপতি অঞ্চলে জন্ম নেওয়া রাজ পেশাগতভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। সফটওয়্যার কোম্পানিতে কাজ করলেও তার মন ছিল সিনেমায়। তাই চাকরি ছেড়ে ঝুঁকি নিয়ে পা রাখেন চলচ্চিত্র জগতে।
২০০৩ সালে ইংরেজি ছবি “Flavors” দিয়ে তার যাত্রা শুরু হয়। এরপর “99”, “Shor in the City”, এবং ভারতের প্রথম জম্বি-কমেডি “Go Goa Gone” তাকে আলাদা পরিচিতি এনে দেয়।
নতুন সম্পর্কের স্বীকৃতি দিয়ে সামান্থা ও রাজ এখন আনুষ্ঠানিকভাবে বৈবাহিক জীবন শুরু করলেন। ভক্তরা তাদের নতুন পথচলার জন্য শুভকামনা জানাচ্ছেন।

