দুই নতুন মুখ নিয়ে অ্যাশেজের মহারণে নামবে অস্ট্রেলিয়া
টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পুরোনো এবং ঐতিহাসিক মহারণ অ্যাশেজ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একদিন আগেই চমক রেখে একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
চোটের কারণে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এর অনুপস্থিতিতে অজিদের নেতৃত্ব দিচ্ছেন স্টিভেন স্মিথ । এই টেস্টে দুই নতুন খেলোয়াড়ের অভিষেক ঘটাতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ব্রেন্ডন ডগেট ও ওপেনার জ্যাক ওয়াদারাল্ডের ।
এদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ‘অ্যাবরিজিনাল’ ক্রিকেটার হিসেবে টেস্ট খেলতে যাচ্ছেন ডগেট। এর আগে আদিবাসী জনগোষ্ঠী থেকে জেসন গিলেস্পি ও স্কট বোল্যান্ড অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছেন। এবার মিচেল স্টার্ক ও বোল্যান্ডের সঙ্গে অজি বোলিং আক্রমণের অংশ হবেন এই ৩২ বছর বয়সী।
পার্থ টেস্টের অস্ট্রেলিয়ার একাদশে চমক আছে আরও। এ বছরের শুরুতে সিডনিতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষিক্ত বিউ ওয়েবস্টার বাদ পড়েছেন একাদশ থেকে। এ পর্যন্ত ৭ টেস্টে চারটি ফিফটি পাওয়া এই পেস বোলিং অলরাউন্ডার নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। একাদশে ফিরেছেন মার্নাস লাবুশেন ও ক্যামেরন গ্রিন।
পার্থ টেস্টে অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাজা, জেক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড ও ব্রেন্ডন ডগেট ।

