আগেভাগেই শেষ হবে আমন সংগ্রহ, ধান–চাল কেনার মূল্য ঘোষণা
চলতি মৌসুমে আমন সংগ্রহ শুরু হয়েছে জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকার এবার ৩৯ টাকা কেজিতে ধান, ৫০ টাকা কেজিতে সিদ্ধ চাল এবং ৪৯ টাকা কেজিতে আতপ চাল কিনবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় নির্ধারিত সময়ের আগেই সংগ্রহ কার্যক্রম শেষ করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে আমন সংগ্রহ অভিযান নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। খাদ্য উপদেষ্টা বলেন, এবার ধান ও চাল সংগ্রহে পূর্বের মতো আনুপাতিক ব্যবধান থাকবে না, যা কৃষকদের আরও উৎসাহিত করছে। সরকার ৫০ হাজার টন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের ন্যূনতম লক্ষ্য নির্ধারণ করেছে।
তিনি জানান, হিসাব অনুযায়ী দেশে ধান উৎপাদনে কিছু ঘাটতি থাকে, যার কারণে আমদানি প্রয়োজন হয়। তবে খাদ্য মজুদ শক্তিশালী রাখতে সংগ্রহ কার্যক্রম জোরদার করা হয়েছে।
খাদ্যবান্ধব কর্মসূচির প্রসঙ্গে আলী ইমাম মজুমদার বলেন, আগে ৫০ লাখ পরিবারকে দেওয়া হলেও এখন ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল প্রদান করা হচ্ছে। পূর্বে ৫ মাস এই সুবিধা থাকলেও এখন তা ৬ মাসে উন্নীত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তরের সময় দেশের খাদ্য মজুদ ব্যাপকভাবে শক্তিশালী থাকবে।

