বিবিসিকে ‘১০০% ভুয়া নিউজ’ আখ্যা দিলেন ট্রাম্পের প্রেস সচিব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব করোলিন লেভিট বিবিসিকে ‘১০০% ফেক নিউজ’ এবং একটি ‘বামপন্থি অপপ্রচার মেশিন’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, যুক্তরাজ্যে ভ্রমণের সময় বিবিসির খবর দেখা তাঁর দিন নষ্ট করে দেয় এবং করদাতাদের অর্থে এই সংস্থার প্রচার চালানো অন্যায়। খবর দ্য গার্ডিয়ানের।
লেভিটের এই মন্তব্য আসে বিবিসির প্যানোরামা ডকুমেন্টারি ঘিরে বিতর্কের পর। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ভাষণের অংশ বিবিসি এমনভাবে সম্পাদনা করেছে, যা দর্শকদের বিভ্রান্ত করতে পারে। টেলিগ্রাফে ফাঁস হওয়া একটি নথিতে দেখা যায়, অনুষ্ঠানটির এক পর্বে ট্রাম্পের বক্তৃতার দুটি অংশ একত্রে জুড়ে দেওয়া হয়, যাতে মনে হয় তিনি সরাসরি ৬ জানুয়ারির দাঙ্গার আহ্বান জানিয়েছেন। তবে সেই অংশ বাদ দেওয়া হয়েছে যেখানে ট্রাম্প তাঁর সমর্থকদের ‘শান্তিপূর্ণ ও দেশপ্রেমের সঙ্গে’ মত প্রকাশের আহ্বান জানান। টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে করোলিন লেভিট বলেন, “বিবিসির এই উদ্দেশ্যপ্রণোদিত সম্পাদনা তাদের পক্ষপাতদুষ্টতা এবং ভুয়া প্রচারের স্পষ্ট প্রমাণ। যুক্তরাজ্যের জনগণের টেলিভিশনে এমন মিথ্যা প্রচারের কোনো স্থান থাকা উচিত নয়।”
তিনি আরও বলেন, “প্রতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুক্তরাজ্যে গেলে হোটেলে বিবিসি দেখতে হয়, যেখানে তারা আমেরিকার প্রেসিডেন্ট ও তাঁর উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নির্লজ্জ অপপ্রচার চালায়। এটি শুধু ভুয়া খবর নয়, বরং গণমাধ্যমের নৈতিকতার জন্য লজ্জাজনক।” ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, বিবিসির এই প্রতিবেদনের উৎস তাদেরই সম্পাদকীয় নির্দেশিকা ও মানদণ্ড কমিটির সাবেক উপদেষ্টা মাইকেল প্রেসকটের লেখা একটি মেমো। ধারণা করা হচ্ছে, এটি সংস্থার ভেতর থেকেই ফাঁস করা হয়েছে।

