জুলাই সনদ বাস্তবায়নে দলীয় সংকীর্ণতা পরিহারের আহ্বান দিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম সোমবার (৩ নভেম্বর) জুলাই সনদ বাস্তবায়নে দলীয় সংকীর্ণতা পরিহারের আহ্বান জানিয়েছেন। ডাকসুর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
সাদিক কায়েম বলেন, সংবিধান ও রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ ও কুক্ষিগত করার মাধ্যমে ফ্যা/সিবাদ কায়েম করা হচ্ছে। এই ত্রুটিপূর্ণ ব্যবস্থাকে পরিবর্তন করতে জুলাই সনদে ৮৭টি মৌলিক কাঠামোগত সংস্কার প্রস্তাবনা এসেছে। তিনি উল্লেখ করেন, বিএনপি সর্বোচ্চ নোট অব ডিসেন্ট দিয়েছে ১৯টি প্রস্তাবে, যা গণভোটে পাঠানো না হওয়ার চেষ্টা করা হচ্ছে। জামায়াত ৬টি এবং এনসিপি ১টি প্রস্তাবে আপত্তি জানিয়েছে।
বিবৃতিতে ডাকসু ভিপি আরও বলেন, এই প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সরকারি কর্ম কমিশনে নিয়োগ, ন্যায়পাল নিয়োগ, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ, দুর্নী/তি দমন কমিশনে নিয়োগ, স্বতন্ত্র ফৌজদারী তদন্ত সার্ভিস গঠন, আইনজীবী সমিতি ও বার কাউন্সিলে রাজনৈতিক প্রভাব বিলোপ এবং ৩টি সরকারি কর্ম কমিশন গঠন।
তিনি বিএনপি, জামায়াত ও এনসিপি সহ সকল রাজনৈতিক দলকে আহ্বান জানান, দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে দেশের ভবিষ্যতের জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করুন এবং জনগণের চাওয়া-পাওয়া উপেক্ষিত না হয় তা নিশ্চিত করুন।

