খাবার চিবিয়ে খাওয়া জরুরি, চটজলদি খাবারের ভুল অভ্যাস ডেকে আনছে স্বাস্থ্যঝুঁকি

বিনোদন লাইফ স্টাইল
ছোটবেলায় বাবা-মা বলতেন, ‘চিবিয়ে খা!’—তখন হয়তো মনে হতো, খেলাধুলা বা টেলিভিশন দেখা কবে হবে। কিন্তু এখন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খাবার ঠিকভাবে চিবিয়ে না খাওয়া শরীরে নানা জটিল সমস্যা তৈরি করতে পারে।
বর্তমান ব্যস্ত জীবনে অনেকেই দ্রুত খাবার খেয়ে ফেলে, অফিসে, গাড়িতে বা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে। তবে এই দ্রুত খাওয়ার অভ্যাসই অম্বল, হজম সমস্যা, পুষ্টি শোষণে ঘাটতি এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি করছে।
বিশেষজ্ঞদের মতে, হজমের প্রথম ধাপ শুরু হয় মুখ থেকেই। খাবার চিবানোর সময় লালাগ্রন্থি সক্রিয় হয়ে এনজাইম তৈরি করে, যা কার্বোহাইড্রেট ও ফ্যাট ভাঙতে সাহায্য করে। এছাড়া পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদনে সাহায্য করে, যা হজম প্রক্রিয়া দ্রুততর করে।
চিবিয়ে না খাওয়ার নেতিবাচক প্রভাবগুলো হলো:
অম্বল: হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিকভাবে তৈরি না হওয়ায় গ্যাস জমে অম্বল তৈরি হয়।
হজম সমস্যা: খাবার সঠিকভাবে ভাঙে না, পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা হয়।
পুষ্টির ঘাটতি: খাবার ঠিকভাবে না চিবালে শরীর প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণ করতে পারে না।
অতিরিক্ত খাওয়ার প্রবণতা: মস্তিষ্ক পেট ভরা হওয়ার সংকেত দেরিতে পায়, ফলে বেশি খাওয়া হয়, যা ওজন, কোলেস্টেরল ও রক্তচাপ বৃদ্ধি করতে পারে।
সঠিকভাবে খাবার চিবানোর উপায়:
ছোট ছোট গ্রাসে খাবার নিন।
প্রতিটি কামড়ে ৩০-৩২ বার চিবিয়ে নিন।
মুখ বন্ধ রেখে ধীরে ধীরে খাবার চিবান, পানি দিয়ে খাবার গিলে ফেলবেন না।
চিকিৎসকরা বলছেন, খাবার কেবল পেট ভরানোর বিষয় নয়, এটি শরীরের জ্বালানি। তাই সময় নিয়ে, যত্নসহকারে চিবিয়ে খাওয়া সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর চাবিকাঠি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *