আজকের দিনটি বাংলাদেশের শিক্ষা অঙ্গনের জন্য ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ নভেম্বর থেকে ৭ দশমিক ৫ শতাংশ বাড়িভাড়া (ন্যূনতম ২০০০ টাকা) পাবেন এবং আগামী বছরের জুলাই থেকে আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ হয়ে মোট ১৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেন, “একজন শিক্ষক হিসেবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। শিক্ষকরা আরও বেশি সম্মানের দাবিদার, এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।”
তিনি আরও বলেন, “এই পথ সহজ ছিল না। নানা মতভেদ ও বিতর্ক পেরিয়ে আমরা ন্যায্য ও টেকসই সমাধানের দিকে পৌঁছেছি। এটি কারো একার জয় নয়, বরং সম্মিলিত সাফল্য।”
শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আজকের এই সমঝোতা হোক নতুন সূচনা—পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া এবং গুণগত শিক্ষার ভিত্তিতে একটি মর্যাদাসম্পন্ন বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে।”
এই সিদ্ধান্তে দেশের লাখো শিক্ষক-কর্মচারীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং শিক্ষা ব্যবস্থায় স্থিতিশীলতার নতুন আশার সঞ্চার হয়েছে।

