বিশ্বকাপে অংশ নিতে ব্যর্থ হওয়ায় ইতালিয়ান ফুটবল প্রধানের পদত্যাগের দাবি
টানা তিনবার ফুটবল মহাযজ্ঞের বাইরে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এই ব্যর্থতার দায় নিয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গ্যাব্রিয়ল গ্রাভিনার পদত্যাগ দাবি করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোদি।
গত মঙ্গলবার ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে যায় ইতালি। এই পরাজয়ে নিশ্চিত হয়ে যায় যে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ৪৮ দলের আসরেও দেখা যাবে না ‘আজ্জুরি’দের। ব্যর্থতার পর দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোদি সরাসরি পরিবর্তনের ডাক দিয়েছেন। তিনি বলেন, “ইতালিয়ান ফুটবলকে আমূল পুনর্গঠন করতে হবে। আর সেই সংস্কার প্রক্রিয়া শুরু হওয়া উচিত ফেডারেশনের শীর্ষ পর্যায়ের পরিবর্তনের মাধ্যমে।” যদিও গ্রাভিনা এখন পর্যন্ত নিজ থেকে পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। তবে আগামী সপ্তাহে বোর্ড সভায় তাঁর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। ২০১৮ সালে সুইডেনের কাছে হেরে বিশ্বকাপ মিস করার পর পদত্যাগ করেছিলেন তৎকালীন প্রধান কার্লো টাভেসিও। তাঁর স্থলাভিষিক্ত হওয়া গ্রাভিনার আমলেই ইতালি টানা দ্বিতীয়বার বিশ্বমঞ্চের বাইরে থাকল। গতকাল রোমে ফেডারেশনের সদর দপ্তরের সামনে ক্ষুব্ধ সমর্থকেরা ডিম ছুড়ে মারেন, যা ফুটবলের প্রতি তাঁদের চরম হতাশারই বহিঃপ্রকাশ। পরাজয়ের পর নিজের সাফাই গাইতে গিয়ে গ্রাভিনা দাবি করেন, ইতালিয়ান ফুটবল পর্যাপ্ত রাষ্ট্রীয় সমর্থন পাচ্ছে না। পাশাপাশি তিনি অন্য খেলাগুলোকে ‘অ্যামেচার’ বা অপেশাদার বলে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তাঁর এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। আবোদি বলেন, “বিশ্বকাপে উঠতে না পারার দায় এড়িয়ে রাষ্ট্রকে দোষারোপ করা ভুল। অন্য খেলার সাফল্যকে খাটো করে দেখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” অলিম্পিক স্বর্ণজয়ী স্পিড স্কেটার ফ্রান্সেসকা লোরোব্রিগিডাও গ্রাভিনার মন্তব্যের ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “তাহলে আমি একজন অপেশাদার।”উল্লেখ্য, ফুটবলে ইতালি ধুঁকলেও টেনিসে ইয়ানিক সিনার কিংবা অলিম্পিকে রেকর্ড পদক জয় দেশটির ক্রীড়াঙ্গনে বড় সাফল্য বয়ে এনেছে। এমন পরিস্থিতিতে ফুটবল ফেডারেশনের শীর্ষ নেতৃত্বে রদবদল এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
#ফুটবল #গোল #ফিফা #পদত্যাগ
#ইতালি #ফেডারেশন #প্রধান #দাবি
#football #FIFA #goal #resign
#italy #fedaretion #chief #demand
#sports #sportsnews #JONODESH

